প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:০৪ পিএম (ভিজিট : ১১৬)

X
ব্রিতে দুই পক্ষের উত্তেজনার মধ্যে যোগ দিলেন নতুন মহাপরিচালক
গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নতুন মহাপরিচালক (ডিজি) ড. মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগ ও যোগ দেওয়াকে কেন্দ্র করে সোমবার দিনভর পক্ষে অভিনন্দন ও বিপক্ষে বিক্ষোভ করেছে ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের দুইটি পক্ষ।
উভয়পক্ষ ব্রি’র অভ্যন্তরে মহাপরিচালকের কার্যালয়ের সামনে পৃথকভাবে অবস্থান নেয়। বিক্ষোভকারীরা বেশ কিছু কক্ষে তালা ঝুলিয়ে দেয়। উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। উদ্ভুদ পরিস্থিতিতে সোমবার ড. আমিনুল ইসলাম মহাপরিচালক পদে যোগদান করেছেন।
মহাপরিচালক পদে ড. মো. আমিনুল ইসলামের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের প্রকাশনা ও জনসংযোগ বিভাহের সম্পাদক ও প্রধান মো. রাসেল রানা।
জানা গেছে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালক হিসেবে গত রোববার ব্রির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেয় কৃষি মন্ত্রণালয়। এখবর ছড়িয়ে পড়লে ড. মো. আমিনুল ইসলামকে আওয়ামী ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে ব্রির সর্বস্তরের জাতীয়তাবাদী বিজ্ঞানী, কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকবৃন্দের ব্যানারে তাঁর নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করে। তারা ডিজির অফিস কক্ষে তালা দিয়ে অফিসের বাইরে অবস্থান নেয়।
এদিকে একটি পক্ষ ডিজি পদে ড. আমিনুল ইসলামকে সঠিক পদ্ধতিতে নিয়োগ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীকে স্বাগত জানিয়ে একই এলাকায় অবস্থান নেয় এবং ডিজির পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. হাবিবুর রহমান মুকুল সাংবাদিকদের বলেছেন, নতুন নিয়োগ পাওয়া ডিজি আওয়ামী লীগ আমলে সিনিয়রকে ডিঙ্গিয়ে ক্ষমতা খাটিয়ে পদ বাগিয়ে নিয়েছিল। তাকে ডিজি নিয়োগ দিয়েছে এই খবর শুনে ধান গবেষণা ইনস্টিটিউট এর সর্বস্তরের বিজ্ঞানী ও শ্রমিকরা বিক্ষোভ করছেন। এই নিয়োগ বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
তবে নতুন ডিজি ড. মো. আমিনুল ইসলামের পক্ষে অবস্থান নেওয়া কর্মকর্তা-কর্মচারিরা বলছেন, এক মাস ধরে ডিজি না থাকায় আমরা গত মাসের বেতন পাইনি। এখন যেহেতু মন্ত্রণালয় থেকে ডিজি নিয়োগ দিয়েছে। এজন্য আমরা তাকে স্বাগতম জানানোর জন্য অবস্থান নিয়েছি।
অপরদিকে বেলা সাড়ে বারোটার দিকে নতুন নিয়োগ প্রাপ্ত ডিজি ড. আমিনুল ইসলাম তার নিজ কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় ডিজির পক্ষের লোকজন তাকে স্বাগত জানিয়ে স্লোগান দেয় এবং তার নিয়োগের বিরোধিতাকারিরাও ডিজি নিয়োগের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।