প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:৫০ পিএম (ভিজিট : ৭৫)

X
নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনের লক্ষ্যে গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস (গ্যাপ) সার্টিফিকেশন প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দেশের কৃষি খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায়, দ্য ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শাহা আলম মিয়া। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন।
বক্তারা বলেন, গ্যাপ সার্টিফিকেশন পেতে হলে কৃষকদের নির্ধারিত নিয়ম মেনে চাষাবাদ করতে হবে, সঠিকভাবে রেকর্ড সংরক্ষণ করতে হবে এবং নিয়মিত পরিদর্শনের মধ্য দিয়ে যেতে হবে। বিশেষ করে ফার্ম ডায়েরি সংরক্ষণ, অনুমোদিত সার ও কীটনাশকের ব্যবহার এবং মাটি ও পানির মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, গ্যাপ সার্টিফিকেট থাকলে ইউরোপসহ উন্নত দেশে কৃষিপণ্য রপ্তানি সহজ হয়, বাজারে ভালো দাম পাওয়া যায় এবং ভোক্তারা নিরাপদ খাদ্য পায়। এ বিষয়ে সচেতন হয়ে এগিয়ে আসতে কৃষকদের প্রতি আহ্বান জানান বক্তারা।