প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৩৭ পিএম (ভিজিট : ৬৪৭)

X
আখাউড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও চুল কাটার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভুক্তভোগী মীম আক্তার একই এলাকার বাসিন্দা দিনু মিয়ার স্ত্রী।
মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় এ ঘটনা ঘটে।
মীম আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী ব্যবসার জন্য ৫ লাখ টাকা এনে দিতে বলে। আমি সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। একপর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে গাল ও হাতে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে আমার শাশুড়ির সহযোগিতায় আমার মাথার চুল কেটে দেয়।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, বিষয়টি জানার পর দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
তবে অভিযুক্ত দিনু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।