প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:০৬ পিএম (ভিজিট : ৯১)

X
ভেজাল দুধ তৈরি
সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকায় ভেজাল দুধ তৈরির অভিযোগে রতন মাঝি নামে এক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মে) বিকেলে পরিচালিত অভিযানে তার প্রতিষ্ঠান থেকে ১২০ লিটার ভেজাল দুধ, ১৪ লিটার পাম তেল ও ২ কেজি খাবার সোডা জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব পণ্য বিনষ্ট করা হয়।
দণ্ডপ্রাপ্ত রতন মাঝি ব্রহ্মরাজপুর এলাকার বাসুদেব মাঝির ছেলে এবং ‘মা সুইট’ নামের প্রতিষ্ঠানের মালিক।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিল হোসেন তামিম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হটলাইন নম্বর ১৬১৫৫-এ অভিযোগ পাওয়ার পর ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, দুধ থেকে ক্রিম পৃথক করে তাতে পাম তেল মিশিয়ে পুনরায় প্রক্রিয়াজাত করা হচ্ছিল, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রতন মাঝিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিল হোসেন তামিম বলেন,“জেলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। খাদ্যে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”