প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:২০ পিএম (ভিজিট : ১১২)

X
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে এমপি সেলিম ও বাবর
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান মোল্লা (সেলিম) এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
তাদের এ মনোনয়নকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও উচ্চশিক্ষার অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সোমবার (৪ মে) জারি করা এক প্রজ্ঞাপনে এ মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী তাদেরকে রিজেন্ট বোর্ডের সদস্য করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে এ মনোনয়ন প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক তদারকি এবং অবকাঠামোগত উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে রিজেন্ট বোর্ড সরাসরি ভূমিকা পালন করে থাকে।
সংশ্লিষ্ট মহলের মতে, সেলিমুজ্জামান মোল্লা (সেলিম) এমপির রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা এবং ডা. কে এম বাবর এমপির জনসম্পৃক্ততা ও উন্নয়নমুখী চিন্তাধারা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশেষ করে আধুনিক শিক্ষা ব্যবস্থা, গবেষণা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ তৈরিতে তাদের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।