
বগুড়ায় ভুয়া পুলিশ-সাংবাদিক সেজে ছিনতাই চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার
বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কৌশলে অটোরিক্সা ও ইজিবাইক ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রের সর্দারসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
এসময় চক্রটির কাছ থেকে চারটি ছিনতাইকৃত ইজিবাইক, ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিবির ওসি ইকবাল বাহার জানান, গত ৫ মে ২০২৬ মঙ্গলবার বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলার সূত্র ধরে এ অভিযান পরিচালনা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল দুপুরে এক ইজিবাইক চালক টিএমএসএস হাসপাতালে একজন অজ্ঞাত যাত্রীকে পৌঁছে দেন। পরে ওই যাত্রীর সহযোগী পরিচয়ে আরেক ব্যক্তি এসে চালককে একটি মাইক্রোবাস থেকে কাগজ আনার কথা বলে। চালক আপত্তি করলে তাকে বগুড়া সদর থানার সিভিল পুলিশ পরিচয় দিয়ে ভয় দেখানো হয়। এমনকি একটি ওয়্যারলেস সেটও প্রদর্শন করা হয়। পরে চালক ফিরে এসে দেখেন তার ইজিবাইকসহ যাত্রী উধাও। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলার তদন্তে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর দিকনির্দেশনায় ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ মে ভোরে বগুড়া শহরের চারমাথা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রংপুরের হারাগাছ এলাকায় অভিযান চালিয়ে আরও দুই জনকে গ্রেফতার করা হয়, যারা চোরাই ইজিবাইক কেনাবেচার সঙ্গে জড়িত।
গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি ওয়াকিটকি সেট, একটি প্রাইভেটকার, ৬টি অটোরিক্সার চাবি, ৫টি বাটন ফোন, একটি স্মার্টফোনসহ ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া রংপুরের একটি দোকান থেকে বাদীর ছিনতাইকৃত ইজিবাইকসহ মোট ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক চুরি ও দস্যুতা মামলা রয়েছে।
বগুড়া ডিবি'র ওসি ইকবাল বাহার জানিয়েছেন, আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।