প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:২৮ পিএম (ভিজিট : ৭০)

X
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবি হোসেন গ্রুপের প্রধান নবি হোসেনের ছোট ভাই মোহাম্মদ কামাল।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম জানান, ক্যাম্প থেকে গুলিবিদ্ধ মোহাম্মদ কামাল একজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উখিয়া থানার ওসি মুজিবুল হক বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এর আগে, গতকাল (৫ মে) উখিয়ার আরেকটি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক গুলির ঘটনায় কেফায়েত উল্লাহ হালিম নামে এক রোহিঙ্গা নেতা নিহত এবং আরও দুইজন আহত হন।