প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:২২ পিএম (ভিজিট : ৮০)

X
সোনাতলা রেলস্টেশনে অনলাইন টিকিট সার্ভিস চালু
বগুড়ার সোনাতলা রেলস্টেশনে যাত্রীসেবায় যুক্ত হলো আধুনিকতার নতুন অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ রেলওয়ে-এর উদ্যোগে চালু হয়েছে অনলাইন টিকিটিং বা ই-সেবা।
মঙ্গলবার (৫ মে) থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-টিকিটিং সেবার উদ্বোধন করেন লালমনিরহাট বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এর মধ্য দিয়ে সোনাতলা স্টেশন আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার আওতায় যুক্ত হলো।
দীর্ঘদিন ধরে এই স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ থাকলেও অনলাইন টিকিটিং সুবিধা না থাকায় যাত্রীদের টিকিট সংগ্রহে নানা ভোগান্তির মুখে পড়তে হতো। অনেক সময় দূরবর্তী স্টেশন বা কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও দুর্ভোগপূর্ণ।
নতুন এই ই-সেবার ফলে এখন যাত্রীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে দেশের যেকোনো ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন। এতে সময় ও ঝামেলা দুটোই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি স্মার্টফোনের পাশাপাশি সাধারণ বাটন ফোন ব্যবহারকারীরাও নিবন্ধনের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন।
উদ্বোধন শেষে জাহাঙ্গীর আলম বলেন, অনলাইন টিকিটিং সেবা চালুর ফলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে এবং দেশের যেকোনো প্রান্তের টিকিট সহজেই সংগ্রহ করা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন স্টেশন ইনচার্জ খলিলুর রহমান, বুকিং সহকারী মাসুদসহ সংশ্লিষ্ট কর্মচারীরা। অনুষ্ঠানে স্থানীয় যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একে সোনাতলা রেলস্টেশনের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, এর মাধ্যমে যাত্রীসেবা আরও সহজ ও আধুনিক হবে।