প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৫৯ পিএম (ভিজিট : ১৪৬)

X
সংগীত বিভাগের আয়োজনে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সংগীত বিভাগের আয়োজনে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সংগীত বিভাগের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হুদা। এসময় উপস্থিত ছিলেন সংগীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার, অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমি, সহযোগী অধ্যাপক মো. আরিফুর রহমান, সহযোগী অধ্যাপক দেবাশীষ বেপারি, সহযোগী অধ্যাপক ড. ইন্দ্রানী কর্মকার, সহযোগী অধ্যাপক আশিক সরকার, ডেমোনস্ট্রেটর মণিশংকর আইচ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. মো. এমদাদুল হুদা বলেন, 'আজকের এই আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি বাঙালির সংস্কৃতি, মানবতা ও চেতনার এক উজ্জ্বল প্রতীক। তাঁর সাহিত্য, গান ও দর্শন আজও আমাদের জীবনকে আলোকিত করে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। এই আয়োজনের মাধ্যমে তরুণরা রবীন্দ্রচর্চায় আরও আগ্রহী হবে বলে আমি বিশ্বাস করি।'
সংগীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালির জাতীয় সম্পদ। আজ আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, যিনি বাংলা সংগীত ও সাহিত্যে এক অনন্য ধারা সৃষ্টি করেছেন। রবীন্দ্রসংগীত আমাদের অনুভূতি, প্রেম, প্রকৃতি ও মানবতার এক চিরন্তন ভাষা। তিনি পুরো বিশ্বের কবি। আমাদের সংগীত বিভাগ প্রতিবছরই রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী পালন করে থাকে। এটা আমাদের ঐতিহ্য। তাই প্রতি বছরের ন্যায় এবছরও এই আয়োজনের ব্যত্যয় ঘটেনি।'
আয়োজকরা জানান, এবছর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার ২৫শে বৈশাখের দিন শুক্রবার অর্থাৎ ৮ মে। শুক্রবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অনুষ্ঠানটি ৭ মে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত ও নৃত্য পরিবেশন করে সংগীত বিভাগের শিক্ষার্থীরা।