প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:৪১ পিএম (ভিজিট : ৬৬)

X
পরিত্যক্ত রিভলবার উদ্ধার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় খড়ের পালা থেকে একটি পরিত্যক্ত রিভলবার উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মো. রাজু সরকারের স্ত্রী খাদিজা বেগম খড় রোদে শুকাতে দিলে তাঁর শিশু ছেলে ছোয়াদ খড়ের ভেতরে একটি রিভলবার দেখতে পায়। খেলনা মনে করে সেটি মায়ের কাছে নিয়ে আসে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন বেলকুচি থানায় খবর দেন।
খবর পেয়ে বেলকুচি সার্কেলের নেতৃত্বে বেলকুচি থানার একটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুপুর ২টা ১০ মিনিটের দিকে খড়ের পালা থেকে রিভলবারটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এটি কীভাবে সেখানে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিভলবারটি উদ্ধার করে। রাজু সরকারের তিন ভাইয়ের মধ্যে দুইজন প্রবাসে এবং একজন ঢাকায় কর্মরত থাকায় প্রাথমিকভাবে তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। তবে অস্ত্রটি সেখানে কীভাবে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।