হত্যাসহ পৃথক পাঁচ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর এক মামলায় জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। বাকি চার মামলার শুনানি আগামী ১১ মে নির্ধারণ করা হয়েছে।
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১২:৫২ পিএম (ভিজিট : ১১৭)
X
চিন্ময় কৃষ্ণ দাস
হত্যাসহ পৃথক পাঁচ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর এক মামলায় জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
আজ রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে ইসকন নেতা চিন্ময় দাসের বিরুদ্ধে থাকা বাকি চার মামলার জামিন প্রশ্নে আদেশের জন্য সোমবার (১১ মে) দিন ধার্য করেছেন আদালত।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর এ বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। পরে গত বৃহস্পতিবার (৭ মে) রুলের ওপর শুনানি শেষে আদালত ১০ মে রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।
আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তাকে হত্যা মামলাসহ পৃথক পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করেন। ওই মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।