
অজ্ঞাত মরদেহ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বাগেরহাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে হাত ও পা কাটা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যার ঘটনা ঘটেছে।
রোববার সকাল ১১টার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এগিয়ে যান। পরে কাছে গিয়ে তারা দেখতে পান, কচুরিপানার স্তুপের মধ্যে এক ব্যক্তির মরদেহ ভাসছে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে কাপাসিয়া থানার সিংহশ্রী পুলিশ ফাঁড়িতে জানানো হয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে সিংহশ্রী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। তবে রোববার বিকেল ৩টা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
কাপাসিয়া থানার এসআই সাইদুল ইসলাম বলেন, ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছি। দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির বাম হাতের কব্জি ও ডান পা কাটা ছিল। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মুখে দাঁড়ি রয়েছে এবং আনুমানিক বয়স প্রায় ৫০ বছর। মরদেহে ইতোমধ্যে পচন ধরেছে বলেও জানান তিনি।