প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:২৯ পিএম (ভিজিট : ৪৫)

X
উল্লাপাড়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঘুমন্ত অবস্থায় সোবহান প্রামানিক (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী শেফালী খাতুন (৬৫) গুরুতর আহত হয়েছেন।
রোববার (১০ মে) রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামানিক মারা যান। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহতের স্বজনদের অভিযোগ, এলাকায় খাস পুকুরকে কেন্দ্র করে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বের সংঘর্ষে একই এলাকায় দুই বছর আগে বাবা–ছেলের মৃত্যু হয় বলেও তারা জানান।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।