প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:৪০ পিএম (ভিজিট : ৪৯)

X
গাজীপুরে পাঁচ খুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে মা ও তিন শিশুসহ পাঁচজনকে হত্যার ঘটনায় ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে চারজনকে গলা কেটে এবং একজনকে শ্বাসরোধ করে হত্যার তথ্য পাওয়া গেছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মাজহারুল হক জানান, নিহত শারমিন খানম, তাঁর ভাই রসুল মোল্লা এবং দুই মেয়ে মিম ও মারিয়ার মৃত্যু হয়েছে গলা কেটে। সবচেয়ে ছোট কন্যা ফারিয়াকে শ্বাসরোধ করে হত্যা করার তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের আগে নিহতদের চেতনানাশক বা অন্য কোনো কিছু খাওয়ানো হয়েছিল কি না, তা নিশ্চিত হতে পেটের খাবারসহ বিভিন্ন আলামতের নমুনা (ভিসেরা রিপোর্টের জন্য) সংগ্রহ করে ঢাকা সিআইডির পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ল্যাব রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
নিহতরা হলেন—ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম (৩৫), তাদের মেয়ে মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শারমিনের ভাই রসুল মোল্লা (২২)।
পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাতে ওই বাড়িতে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফোরকান মিয়া পলাতক রয়েছেন।
তিনি গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের মো. আতিয়ার হাসান মোল্লার ছেলে।