
X
বিশ্বনাথ উপজেলা চ্যাম্পিয়ন
‘ক্রীড়া হলে পেশা-পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে নিয়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’র অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল টুর্ণামেন্টে সিলেট সিটি কর্পোরেশন অনুর্ধ্ব-১৪ ফুটবল দলকে পরাজিত করে সিলেটের জেলার চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বনাথ উপজেলা অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবল দল। টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাথী রাণী দাশ স্মৃতি’র একমাত্র গোলে শিরোপা জিতে নেয় বিশ্বনাথ উপজেলা অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবল দল।
তীব্র বৃষ্টির কারণে রোববার নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পর বিকেল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের প্রথমার্ধের ৮মিনেটের সময় বিশ্বনাথের আক্রমণভাগের খেলোয়াড় সাথী রাণী দাশ স্মৃতি দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত স্মৃতির সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা দল প্রথম বারের মতো আয়োজিত টুর্ণামেন্টে প্রথম চ্যাম্পিয়ন হয়ে নারী ফুটবলে নতুন এক ইতিহাস রচনা করল।
টুর্ণামেন্টে বিশ্বনাথ উপজেলা অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবল দলে রুপন্তী রানী দাস, ইমা আক্তার জেনিফা, রুবা আক্তার মুন্নি, মারিয়া জান্নাত, টুপুর রাণী দাস, সামিরা বেগম, মাহিয়া আক্তার ফারজানা, মুন্নী আক্তার মরিয়ম, জান্নাতুল ফেরদৌস মাহিয়া, সাথী রানী দাস স্মৃতি, ফাতেমা বেগম তমা, মাহদিয়া জান্নাত নাদিয়া, আমিনা জান্নাত মীম, সাজেদা ছইদ আয়েশা, মারজানা তাবাসসুম, সৈয়দা নাঈমা বেগম, প্রীতি রানী সুত্রধর খেলায় অংশ নেন। দলের কোচ হিসেবে ছিলেন মোহাম্মদ আলী হোসেন, ম্যানেজার হিসেবে ছিলেন মো. হাসানুজ্জামান মিলন, সহকারী ম্যানেজার হিসেবে ছিলেন ওয়াসিম উদ্দিন।
এদিকে প্রথম বারের মতো আয়োজিত নতুন কুঁড়ি ফুটবল টুর্ণামেন্টে সিলেট জেলা পর্যায়ে প্রথম চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্বনাথে বইছে আনন্দের বন্যা। খেলা শেষে নিজ উপজেলায় আসার পর চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়-কর্মকর্তা, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহনে বিশ্বনাথ পৌর শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
ফাইনাল ম্যাচ শেষে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান জানান বিশ্বনাথ উপজেলা দল থেকে ৫ জন খেলোয়াড় চূড়ান্তভাবে সিলেট জেলা একাদশে জায়গা পেয়েছে। তারা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের খেলায় সিলেট জেলার প্রতিনিধিত্ব করবে।
ফাইনাল ম্যাচ চলাকালে মাঠে উপস্থিত থেকে বিশ্বনাথ উপজেলা অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবল দলকে উৎসাহ-উদ্দিপনা দিয়েছেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর’র পিএস ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হক, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন।