সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার আমলসার গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমলসার গ্রামের মসলেম শেখের স্ত্রী সাজেদা বেগমের একটি ছাগল প্রতিবেশী মৃত কিয়ামুদ্দীনের ছেলে মোতাহারের জমির শাক খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে মোতাহারের ছেলে তরিকুলের সঙ্গে সাজেদা বেগমের পরিবারের সদস্যদের বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে সুমন শেখ নামের এক যুবক তরিকুলকে মারধর করলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সুজন শেখের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
এ ঘটনায় জালাল শেখ গ্রুপের হারুন শেখ (৩০), সুজন শেখ (২৫), সুমন শেখ (৩০) ও আফরোজা (২৭) আহত হন। অন্যদিকে মোতাহার গ্রুপের নাজির (৩৫), উজ্জ্বল (৩০) ও শরিফুল (৩০) গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো: ওলি মিয়া বলেন, প্রতিবেশীর ছাগলে জমির শাক খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।