প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১:৫৮ পিএম (ভিজিট : ৪৫)

X
মধুমতী নদী থেকে নিখোঁজের দু’দিনপর বুদ্ধিপ্রতিবন্ধী সীমার মরদেহ উদ্ধার
নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার দুদিন পর বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী সীমার (১১) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে লোহাগড়া উপজেলার পাশ্ববর্তী কাশিয়ানীর ইচাখালি মধুমতী নদীর চর এলাকা থেকে স্থানীয়রা ওই কিশোরীর নিথর মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ মে (রবিবার) দুপুর ৩টার দিকে সীমা তার নানীর সাথে গোসল করার জন্য ঘাঘা নতুনপাড়া এলাকায় মধুমতী নদীতে যায়। গোসলের একপর্যায়ে সীমা তীব্র স্রোতে নদীতে ডুবে যায়। এরপর থেকে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং খুলনা থেকে আগত ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়েও সীমার কোন সন্ধান পায় নাই।
অবশেষে আজ মঙ্গলবার সকালে নিখোঁজের দুই দিন পর ইচাখালির চরে তার মরদেহ ভেসে ওঠে। পরবর্তীতে সীমার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ সনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন।
কিশোরী সীমা উপজেলার ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা নতুনপাড়া এলাকায় নানী বাড়িতে থাকতো বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।