প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:৪৯ পিএম (ভিজিট : ৫৩)

X
গ্রেপ্তার ১৯
চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানাধীন জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল থেকে বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে। এসময় তাদের হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল ছিল বলে দাবি পুলিশের।
কোতোয়ালী থানার এসআই শরীফ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা অলিগলি দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের। এছাড়া তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা ও অর্থায়নের সঙ্গে জড়িত ছিল বলেও অভিযোগ করা হয়।
পুলিশের অপরাধ তথ্যভান্ডার (সিডিএমএস) পর্যালোচনায় কয়েকজন আসামির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, হত্যা চেষ্টা, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।