আজ রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়টির মূল ফটকে এ ঘটনা ঘটে।
পূর্ব ঘোষণা অনুযায়ী, রোববার সকালে ‘নতুন ভিসিকে লাল কার্ড’ কমূসূচির ব্যানারে বিক্ষোভের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হতে থাকলে আকস্মিক এই সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ মে) ডুয়েটের উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর ওই দিন রাত সাড়ে নয়টা থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। রোববার সকাল আটটা থেকে ডুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে নবনিযুক্ত ভিসির যোগদানের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পাশে থাকা ঢাকা-শিমুলতলী সড়কে পুরানো টায়ার ও কাঠ পুড়িয়ে অবরোধ করে রাখে।
আন্দোলনরত ক'শিক্ষার্থী জানান, দুপুরের দিকে নবনিযুক্ত ভিসির পক্ষে কিছু বহিরাগত লোক এসে ক্যাম্পাসে অবস্থান নিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হন। এ সময় ওই সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দুপুর দুইটার দিকে টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় বাস ও অটো রিক্সা সহ অন্যান্য যানবাহন বিকল্প পথে চলাচল করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা তুলনামূলক বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বহিরাগত কাউকে না এনে অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন।
গাজীপুর মহানগর পুলিশের ডিসি (ডিবি ) অশোক কুমার পাল জানান, দুপুর পৌনে ৩ দিকেও নবনিযুক্ত ডুয়েটের উপাচার্য তার অফিসে ঢুকেননি।
এ প্রতিবেদন লিখার সময় পর্যন্ত নতুন ভিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে ক্যাম্পাসের বাইরে বৈঠক করছেন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, ডুয়েটের ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন যাবত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করে যাচ্ছে।