প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৬:৩৬ পিএম (ভিজিট : ২০০)

X
চট্টগ্রামে মমতার রেইজ জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত
বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত হলো ‘মমতা রেইজ জব ফেয়ার ২০২৬’। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মমতা’ তাদের রেইজ (রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট) প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করে।
রবিবার (১৭ মে) চট্টগ্রাম নগরীর হালিশহরের মমতা অডিটোরিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মমতার প্রধান নির্বাহী ও একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক আলহাজ্ব রফিক আহামদ।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ-এর উপ-প্রকল্প সমন্বয়কারী এস.এম খালেদ মাহফুজ এবং সমাজসেবা অফিসার মো. আলমগীর। এছাড়া মেলায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণ গ্রহণকারী যুবকেরা বক্তব্য রাখেন।
দিনব্যাপী এই জব ফেয়ারে বিডিজবস, ক্লিপটন গ্রুপ, ওয়ালটন ও ইয়ংওয়ানসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কর্পোরেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো মেলায় আসা চাকরিপ্রার্থীদের কাছ থেকে সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, “বেকার যুবকদের কর্মসংস্থান ও জব প্লেসমেন্টের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণদের দক্ষ করে তুলতে মমতা ও পিকেএসএফ-কে এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ‘ছোট উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ’ স্লোগানকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ ও দক্ষ তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে পিকেএসএফ-এর সহায়তায় মমতা রেইজ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।