প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৬:৪৬ পিএম (ভিজিট : ১০৫)

X
ইআবিতে মাদরাসা শিক্ষকদের আরবি ভাষা প্রশিক্ষণ কর্মশালা
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘আরবি ভাষা পাঠদান পদ্ধতি’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কামিল মাদরাসার আরবি বিভাগের শিক্ষকদের নিয়ে আজ রবিবার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আরবি ভাষা শিক্ষা কেবল ধর্মীয় জ্ঞানের জন্য নয়, বরং জ্ঞানচর্চা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আধুনিক ও সময়োপযোগী পাঠদান পদ্ধতি অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা ও পড়ার প্রতি আগ্রহ বাড়বে।”
তিনি আরও জানান, মাদরাসা শিক্ষাকে আরও যুগোপযোগী ও মানসম্মত করতে পর্যায়ক্রমে সব অনুমোদিত মাদরাসার শিক্ষকদের এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রুহুল আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো: জিয়াউর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, হারুনুর রশীদ, জাহেদ উল্লাহ এবং সহকারী রেজিস্ট্রার আখলাকুল আম্বিয়া প্রমুখ। দিনব্যাপী একাডেমিক সেশন ও ব্যবহারিক আলোচনার মধ্য দিয়ে কর্মশালার প্রথম দিন সম্পন্ন হয়।