প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:১৯ এএম (ভিজিট : ৪৩)

X
শ্রীপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, টিন কেটে নিয়ে গেল স্বর্ণ ও নগদ টাকা
গাজীপুরের শ্রীপুরে দিনে-দুপুরে এক বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৬ লাখ ২০ হাজার টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৭ মে) উপজেলার গোসিংগা ইউনিয়ন এর পটকা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. বায়েজিত জানান, রোববার সকাল ১১টার দিকে তিনি কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। পরে তার স্ত্রী দুপুর সাড়ে ১২টার দিকে ঘরে তালা লাগিয়ে ব্যাংকের কাজে শ্রীপুর বাজারে যান।
তিনি আরও জানান, দুপুরে বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের মূল দরজা ভাঙা এবং টিনের বেড়া কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেছে। পরে ঘরের ভেতরে থাকা ওয়াড্রোব, শোকেস ও ড্রেসিং টেবিলের তালাও ভাঙা অবস্থায় পাওয়া যায়।
ভুক্তভোগীর দাবি, চোরেরা ঘরে থাকা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা এবং নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৬ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তার ধারণা, দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে যেকোনো সময়ে অজ্ঞাতনামা চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর ভুক্তভোগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আলম বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”