প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:১২ পিএম (ভিজিট : ৬৭)

X
ত্রৈমাসিক সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও সেবার মানোন্নয়ন বিষয়ে এক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত। এতে উপজেলার ১০টি ইউনিয়নের হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর এবং গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী স্বপন দেবনাথসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় গ্রাম আদালতে দায়ের হওয়া বিভিন্ন মামলার বর্তমান অবস্থা, মামলা গ্রহণ প্রক্রিয়া এবং দ্রুত নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তৃণমূল পর্যায়ে সহজ ও দ্রুত বিচারিক সেবা নিশ্চিত করতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে ইউএনও অমিত দত্ত বলেন, “সাধারণ মানুষ যাতে স্বল্প সময়ে এবং হয়রানিমুক্তভাবে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে হবে।” তিনি মামলা গ্রহণ ও নিষ্পত্তির হার বৃদ্ধিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, “গ্রাম আদালত আইন-২০০৬ অনুযায়ী গ্রামের ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ শুরুতেই নিষ্পত্তি করা গেলে তা ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষে রূপ নেওয়ার আশঙ্কা কমে যায়।” তিনি জানান, বর্তমানে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক মূল্যমানের মামলার বিচার গ্রাম আদালতেই সম্ভব হচ্ছে। মাত্র ১০ থেকে ২০ টাকা ফি দিয়ে কোনো আইনজীবী ছাড়াই সাধারণ মানুষ অভিযোগ উপস্থাপনের সুযোগ পাচ্ছেন, যা বিচার ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন।
তিনি আরও বলেন, জমি পুনরুদ্ধার, পাওনা টাকা আদায়, ভরণপোষণ এবং সামাজিক বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের হয়রানি কমাতে গ্রাম আদালতকে আরও কার্যকর করার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, মামলার নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ এবং সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।