প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:১৩ পিএম (ভিজিট : ৯১)

X
বেলাল হোসাইন ফতেহপুরী
নোয়াখালীর সেনবাগের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, প্রাবন্ধিক ও সংগঠক মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী তামান্না রহমান (৪৫) ও দুই মেয়ে তালভিয়া রহমান (১২) এবং মুসতারি রহমান তাসফিয়া (৫) গুরুতর আহত হয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বেগমগঞ্জের চৌমুহনীস্থ হলি কেয়ার হাসপাতালে ডাক্তার দেখিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি ফিরছিলেন মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী। এসময় ফেনী-নোয়াখালী ফোর-লেন মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্টো-ট-১২ ৩০২৫) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী নিহত হন এবং তার স্ত্রী ও দুই মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বরকান্দাজ বাড়ি (প্রকাশ বেতাকিয়া বাড়ি) এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে। তিনি ফতেহপুর ইসলামিয়া মাদরাসার মুহতামিম, “যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ” এবং হুফফাজুল কোরআন ফাউন্ডেশন নোয়াখালী শাখার মহাসচিব ছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে কলাম লিখতেন। তার রচিত একাধিক বই ও প্রবন্ধ রয়েছে। তার মৃত্যুতে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।”