প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৫১ পিএম (ভিজিট : ২৬৭)

X
শিক্ষিকা উম্মে কুলছুম ও স্কুলছাত্রী তাসনিম
নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে উম্মে কুলছুম নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে একই স্কুলের অষ্টম শ্রেণি পড়ুয়া তাসনিম নামের এক শিক্ষার্থীরও মৃত্যু হয়।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক উম্মে কুলছুম বদলগাছী সদরের দরগাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার সঙ্গে থাকা একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা মমতাজ জাহান আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশা উপজেলার গোড়শাহী এলাকা থেকে দুজন যাত্রী নিয়ে রাজশাহী যাচ্ছিল। চাকরাইল বটতলী মোড় এলাকায় পৌঁছালে মাতাজিহাট থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সহকারী শিক্ষিকা উম্মে কুলসুম মারা যান। এ সময় গুরুতর আহত হন মমতাজ জাহান।
পরিবার সূত্রে জানা যায়, একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম বাড়িতে মোবাইলে তার শিক্ষকের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ভিডিও দেখে বলে ম্যাডাম নেই, এভাবে চলে যাবে, এটা কথা হলো। এই কথা বলেই শিক্ষার্থী তাসনিম অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করে।
শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন, ‘আমার মেয়েটি ফেসবুকে তার শিক্ষক উম্মে কুলছুমের মৃত্যুর খবর দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। পরে বদলগাছী হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।’
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন, ‘শিক্ষার্থী কোনো আকস্মিক ঘটনা দেখে হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে এখনই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার শিক্ষকের মৃত্যুর খবর দেখে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’