প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৩:৪২ পিএম (ভিজিট : ৩৪৪)

X
ছবি: প্রতিনিধি
১০ টাকা চাঁদা না দেয়ায় অটোরিকশা চালককে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।
বুধবার (২০ মে) সকাল ১০টার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাস স্ট্যান্ড এলাকায় মৃত মুমিন মিয়ার লাশ বহনকারী এম্বুলেন্স রাস্তার মাঝামাঝি রেখে বিক্ষোভ করতে দেখা গেছে।
নিহতের স্বজনরা জানান, রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মমিনের নিকট থেকে ১০ টাকা চাঁদা নেওয়ার কিছুক্ষণ পর আবারও চাঁদা দাবি করে।
এ সময় অটোচালক তাকে পুনরায় চাঁদা না দেওয়ার বাকবিতন্ডার একপর্যায়ে শাহিনের হাতে থাকা লাঠি দিয়ে অটোচালকের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই সে মারত্মক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
এ সময় তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার সকালে সে মৃত্যুবরণ করে। ঘটনার পর থেকেই চাঁদাবাজ শাহিন পলাতক রয়েছে।
এদিকে আজ সকালে অটোচালকের মৃত্যুর খবর পেয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে ঘটনাস্থলে সোনারগাঁ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, বিক্ষোভকারীরা ১৫ মিনিটের মতো মহাসড়কে অবস্থান নিলে পুলিশের পরামর্শে মহাসড়ক ছেড়ে দেন। বিক্ষোভকালীন সময়ে যানচলাচলে ধীর গতি থাকলেও যানজট সৃষ্টি হয়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জাগো নিউজকে বলেন, বিক্ষোভকারীরা মহাসড়কে নামমাত্রই আমি ঘটনাস্থলে এসে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। অল্প কিছুক্ষণ তারা অবস্থান করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।