প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:২৮ পিএম (ভিজিট : ৫৫)

X
ভূঞাপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ফায়ার সপ্তাহের তিনদিন ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে ভূঞাপুর ফায়ার স্টেশনের উদ্দ্যোগে ফায়ার সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান। প্রথমে পতাকা উত্তোলন ও পরে ফায়ার সার্ভিস স্টেশন কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভূঞাপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এ.এস.এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ড সহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে। জনসচেতনতা বৃদ্ধি এবং যেকোন ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তারা আরও বলেন, ফায়ার সার্ভিস সরকারের একটি গুরুত্বপূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠান। এর সেবাকে আরও গতিশীল করা, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মউদ্দীপনা বৃদ্ধি এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে জাতীয়ভাবে এর যাত্রা শুরু রয়েছে।
তিনদিন ব্যাপী এই কর্মসূচির আওতায় অগ্নিনির্বাপণ মহড়া, উদ্ধার প্রশিক্ষণ, জনসচেতনতামূলক প্রচার, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমসহ নানা আয়োজন রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।