প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:০৯ পিএম (ভিজিট : ৬৩)

X
স্বর্ণ পাচারকালে নারী যাত্রী আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণসহ তামান্না মাইমুনা নামে এক নারী যাত্রীকে আটক করা হয়েছে।
আজ বুধবার (২০ মে) সকালে তামান্নাকে আটক করা হয়। তামান্না মাইমুনার বাড়ি চট্টগ্রামের মিরসরাই এলাকায়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার কাছে আগে থেকেই একটি গোপন সংবাদ ছিল। এর প্রেক্ষিতে সকাল থেকে ডমেস্টিক টার্মিনালে নজরদারি বাড়ানো হয়। পরে ওই নারী চট্টগ্রাম থেকে আসা ফ্লাইট থেকে নেমে গ্রিন চ্যানেলের দিকে যাওয়ার সময় তাকে শনাক্ত করেন দায়িত্বরত কর্মকর্তারা।
জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে ওই তরুণীর শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক মাইমুনা সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২৪৮) একটি ফ্লাইটে করে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছান। মূলত অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী সেজে তিনি এই স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন।
স্বর্ণসহ আটক ওই নারী যাত্রীকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।