প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:০২ এএম আপডেট: ২১.০৫.২০২৬ ১১:০৬ এএম (ভিজিট : ১০৭)

X
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার মেয়ের ঘরের নাতনি জামাই এবং জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে ভেকু দিয়ে মাটি কাটা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রমজানের লোকজন ওসমান গণির ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করেন। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি চললেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।