প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৪:৫৪ পিএম (ভিজিট : ১২৮)

X
ছিনতাইকারী বাপ্পী, ইনসেটে নিহত র্যাব সদস্য ইমন আচার্য
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব-৯ এর কনস্টেবল ইমন আচার্য নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে নগরীর ক্বীন ব্রিজ সংলগ্ন তোপখানা এলাকায় এ ঘটনা ঘটে।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর ক্বীন ব্রিজ ও তোপখানা এলাকায় পুলিশের একটি টহল দল এক ছিনতাইকারীকে ধাওয়া করলে র্যাব সদস্য ইমন আচার্য তাকে আটকানোর চেষ্টা করেন।
ধস্তাধস্তির একপর্যায়ে আসাদুল হক বাপ্পী নামের ওই ছিনতাইকারী র্যাব সদস্যকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক দেড়টার দিকে তিনি মারা যান।
আটক ছিনতাইকারী নগরীর কাজিরবাজার এলাকার মোগলটুলার আবুল হোসেনের ছেলে আসাদুল হক বাপ্পীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
র্যাব-৯ জানায়, পুলিশের ধাওয়া চলাকালে ছিনতাইকারী পালানোর চেষ্টা করলে র্যাব সদস্য ইমন আচার্য সাহসিকতার সঙ্গে তাকে আটকাতে যান। এসময় হামলায় তিনি নিহত হন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রিজের নিচে আসাদুল হক বাপ্পী নামের এক ছিনতাইকারী ও মাদকসেবী কয়েকজন সহযোগীসহ মাদক সেবন ও বিক্রিতে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। এ সময় পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে।
পুলিশ ধাওয়া দিলে এক র্যাব সদস্য অভিযুক্তকে আটকাতে এগিয়ে যান। তখন বাপ্পী ছুরি দিয়ে ওই র্যাব সদস্যকে আঘাত করে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
র্যাব-৯ অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করছিল। এসময় ব্যক্তিগত কোনো কাজে সাদা পোশাকে র্যাব সদস্য ইমন আচার্য সেখানে ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারী তার বুকের বা পাশে ছুরিকাঘাত করে।