
গাঁজা সেবনের অভিযোগে জাবিতে আটক ব্র্যাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অতিথি হিসেবে এসে গাঁজা সেবনের অভিযোগে ব্র্যাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুর প্রায় ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় এ ঘটনা ঘটে।
আটক শিক্ষার্থীরা হলেন ব্র্যাক ইউনিভার্সিটির সামার-২২ সেশনের শিক্ষার্থী আলী কারিম এবং স্প্রিং-২৩ সেশনের শিক্ষার্থী খন্দকার মেহরুন নেছা সুবাহ। জানা গেছে, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫১ ব্যাচের দুই শিক্ষার্থীর আমন্ত্রণে ক্যাম্পাসে এসেছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সুইমিংপুল এলাকায় গাঁজা সেবনের সময় সন্দেহজনক আচরণ দেখতে পেয়ে দায়িত্বরত সদস্যরা তাদের আটক করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুলিশে সোপর্দ করে।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আদালত প্রত্যেককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসে মাদক ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের ঘটনায় প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলেও জানানো হয়।