প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১২:০১ পিএম (ভিজিট : ৫৩)

X
ফাইল ছবি
জামালপুরের মাদারগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার মহিষবাথান মধ্যপাড়া এলাকায় ঝাড়কাটা নদীতে গোসল করতে নেমে মারা যায় লিজা মনি নামে ১০ বছরের এক শিশু।
নিহত লিজা মনি ওই এলাকার রবিজল ইসলামের মেয়ে এবং মহিষবাথান সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাবা রবিজল ইসলাম ছেলে রিয়াদ ও মেয়ে লিজা মনিকে নিয়ে ঝাড়কাটা নদীতে যান। এসময় দুই ভাইবোন নদীতে নামলে বৃষ্টির কারণে সৃষ্ট তীব্র স্রোতে লিজা মনি ভেসে গিয়ে পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে ভাই রিয়াদও স্রোতে ভেসে গেলে তার চিৎকার শুনে বাবা দ্রুত পানিতে নেমে রিয়াদকে উদ্ধার করেন। তবে নিখোঁজ হয় লিজা মনি।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই উদ্ধার অভিযান পরিচালনার পরলিজা মনির মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে একই সময়ে উপজেলার গোদাশিমুলিয়া এলাকায় বাড়ির পাশের ডোবায় পড়ে ইয়াসিন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার জুরসেদ আলীর একমাত্র ছেলে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনায় মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান মধ্যপাড়া ও গোদাশিমুলিয়া গ্রামে শোকের ছায়া নেমেছে।