
ডোমারে ট্রাক ও মিথিলা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজারের সামনে কুটির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম (৩৮)। অপর নিহত ব্যক্তি হলেন মাহিগঞ্জ এলাকার অকীন্দ্র চন্দ্র রায়ের ছেলে পথচারী বিকাশ চন্দ্র (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেবীগঞ্জ থেকে নীলফামারীগামী একটি বালু ভর্তি ট্রাকের সঙ্গে নীলফামারী থেকে ডোমারগামী একটি মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম নিহত হন। এসময় দুর্ঘটনা কবলিত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী বিকাশ চন্দ্রকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ডোমার ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নীলফামারী ডোমার মহা সড়ক প্রায় দু'ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ, দুই জন নিহতের সত্যতা নিশ্চিত করেন।