প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:২৫ পিএম (ভিজিট : ৩১)

X
আতাউর রহমান সরকার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আতাউর রহমান সরকার।
শনিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে আতাউর রহমান সরকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে মোট ৩০ হাজার টাকার চেকের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা উপজেলা জামায়াতের আমীর ফরিদ উদ্দিন আহমেদ, খাড়েরা ইউনিয়ন জামায়াতের আমীর শরিফুল ইসলাম, জামায়াত নেতা ইমরান হোসেন এবং স্থানীয় ইউপি সদস্য মহন মিয়া।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের উদ্দেশ্যে আতাউর রহমান সরকার বলেন, দুর্যোগ-সংকটে মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। জামায়াতে ইসলামী অতীতেও মানুষের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে বাজারের তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়, এতে ব্যবসায়ীদের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।