প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১০:০৮ এএম আপডেট: ২৪.০৫.২০২৬ ১২:৫৭ পিএম (ভিজিট : ৮৪)

X
ছবি: প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ১৩ হাজার ২৩৮টি অতিদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক।
বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে কোনো দরিদ্র পরিবার যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এ মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রকৃত দুস্থদের মাঝেই এ চাল বিতরণ করা হবে।”
এসময় উপস্থিত ছিলেন বাকাল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সুরেশ সরকার, ইউনিয়ন পরিষদের সচিব সুবর্ণা মণ্ডল, হিসাব সহকারী নাঈম ইসলাম, সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশ সদস্যরা। বাকাল ইউনিয়নে মোট ২ হাজার ২৯৮ জন কার্ডধারীর প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১৩ হাজার ২৩৮টি পরিবারের মাঝে এ ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।
তার মধ্যে রাজিহার ইউনিয়নে ২ হাজার ৬৯৪ পরিবার, বাকাল ইউনিয়নে ২ হাজার ২৯৮ পরিবার, বাগধা ইউনিয়নে ২ হাজার ৬৭৮ পরিবার, গৈলা ইউনিয়নে ২ হাজার ৮৭৪ পরিবার এবং রত্নপুর ইউনিয়নে ২ হাজার ৬৯৪ পরিবার রয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নেই পর্যায়ক্রমে শতভাগ স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে পবিত্র ঈদুল আজহার আগেই এ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।