প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:৫৩ পিএম (ভিজিট : ৬৮)

X
ফাইল ছবি
নীলফামারীর ডোমারে পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে ডোমারে সৈকত সাহা (১৪) গলায় ফাঁস দিয়ে এবং সৈয়দপুরে রাফিদ রহমান কাব্য (১৬) পুকুরের পানিতে ডুবে মারা যায়। তাদের উভয়ের বাড়ি ডোমার উপজেলায়।
জানা যায়, ডোমার পৌরসভার সাহাপাড়া এলাকার স্বর্ণকার তপন কুমার সাহার ছেলে সৈকত সাহা (১৪) বাবার সঙ্গে মনোমালিন্যের কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সৈকত ডোমার ইন্ডিপেনডেন্ট স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
অপরদিকে শনিবার সৈয়দপুরে পুকুরে ডুবে রাফিদ রহমান কাব্য (১৬) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বন্ধুদের সঙ্গে কলেজ মাঠে ফুটবল খেলার পর সাতজন মিলে পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে কাব্য পুকুরের মাঝামাঝি গিয়ে ফেরার সময় পানিতে তলিয়ে যায়।
বন্ধুরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে পাশের একটি ভবনের নির্মাণশ্রমিকদের ডেকে আনে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাব্য সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। পড়াশোনার জন্য সে সৈয়দপুর মাস্টারপাড়ায় একটি মেসে থাকত। কাব্যের বাড়ি ডোমার পৌরসভার সওদাগরপাড়া এলাকায়। সে ডোমারের কাপড় ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবের ছেলে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, সৈকত সাহার মরদেহ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।