প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৭:৩৬ এএম আপডেট: ০২.০৬.২০২৬ ৭:৩৮ এএম (ভিজিট : ৩৪)

X
সংগৃহীত ছবি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে এতে থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) ভোর রাত পৌনে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, ভোরে ভাঙ্গামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় যানটির চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হন।
পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাইভেটকারের চালকসহ পাঁচজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তাদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান। তিনি জানান, নিহতদের নামপরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।