প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:১২ পিএম আপডেট: ০২.০৬.২০২৬ ১:২৪ পিএম (ভিজিট : ৩৭)

X
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) একক মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের মে মাসে টার্মিনালটিতে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস (TEUs) কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা এনসিটির ইতিহাসে সর্বোচ্চ।
চট্টগ্রাম বন্দর পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) এনসিটি পরিচালনা করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মে মাসে আমদানি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৫৯ হাজার ৮৫১ টিইইউস এবং রপ্তানি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৬৬ হাজার ৬৪৫ টিইইউস। ফলে মাসজুড়ে দৈনিক গড়ে ৪ হাজার ৮১টি টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে।
এর আগে এনসিটিতে একক মাসে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড ছিল ২০২৫ সালের অক্টোবর মাসে, যার পরিমাণ ছিল ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউস। নতুন এই অর্জনের মাধ্যমে আগের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপিত হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৭ জুলাই থেকে সিডিডিএল এনসিটির অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছে। দায়িত্ব গ্রহণের পর থেকে টার্মিনালটির কার্যক্রমে গতি বৃদ্ধি পেয়েছে। জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ বিভিন্ন স্থানে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কার্যকর তদারকির ফলে কন্টেইনার খালাস ও লোডিং কার্যক্রম আরও দ্রুত ও সুশৃঙ্খল হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এনসিটির এই সাফল্য চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।