প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:২৯ পিএম (ভিজিট : ৪১)

X
ছবি: প্রতিনিধি
ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবাহী একটি বাস খাদে উল্টে পড়ে ঘটনাস্থলে ১ যাত্রী নিহত ও ৮জন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে প্রেরণ করেছে উদ্ধারকর্মীরা।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গুটুদিয়া গ্রামস্থ পিসিএফ ফিড কোম্পানির বিপরিত পাশে জনৈক ইসমাইল শেখের পুকুরে বাসটি উল্টে পড়ে।
নিহত যাত্রী ছাইদুর রহমান ছাইদ(২৫) পাইকগাছার খড়িয়া গ্রামের আছাবুর সরদারের ছেলে। আহতরা হলেন, তালার কবিতা রানী, গুটুদিয়ার ইয়াসিন গাজী, পঞ্চু গ্রামের নৃতোষ, রূপসার রাবেয়া, কয়রার ইসমাইল, ইমদাদুল, পাইকগাছার সালাম ও শ্যামনগরের রেবেকা বেগম।
জানা যায়, সকাল সোয়া ৮টায় পাইকগাছা থেকে ৪২জন যাত্রী নিয়ে ছেড়ে আসা বাসটি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশের ডোবায় উল্টে পড়ে। এসময় গাড়ির যাত্রীরা যে যার মত দ্রুত গাড়ি থেকে বের হতে পারলেও কেবিনে আটকে পড়ে থাকা অবস্থায় পাইকগাছার ছাইদুর রহমান নামের এক যুবকের মরাদেহ উদ্ধার করা হয়। ডুমুরিয়া ও খুলনা ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার কার্যক্রম অব্যহত রয়েছে।
প্রত্যেক্ষদর্শী বাসযাত্রী সেনা সদস্য আনোয়ার হোসেন জানান, ‘বাসটি দ্রুত গতিতে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলো। হঠাৎ ব্রেক করার ফলে বাসের সকল যাত্রী সামনের দিকে ঝুঁকে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় উল্টে পড়ে।’
থানা পুলিশের এসআই শামীম হোসেন জানান, ‘বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়েছে। একজন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বাসটি উঠানোর চেষ্টা চলছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার ও এসিল্যান্ড অমিত কুমার বিশ্বাস তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন।