প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:০৩ পিএম (ভিজিট : ৭৭)

X
ফাইল ছবি
পাবনার ভাঙ্গুড়ায় প্রতিবন্ধী শিশু জিহাদ হোসেনের (৬) নিখোঁজ হওয়ার চার দিন পর নানাবাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের নানাবাড়ির পাশের ডোবা থেকে শিশু জিহাদের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সূত্রে জানা গেছে, গত রোববার (৩১ মে) বিকেল ৫টার দিকে নানাবাড়ির পাশে খেলতে গিয়ে শিশু জিহাদ নিখোঁজ হয়। নিহত জিহাদ উপজেলার দিলপাশার ইউনিয়নের আগবহর গ্রামের জাফর ইকবালের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, জিহাদের বাবা জাফর ইকবাল ঢাকায় চাকরি করেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসে গত শনিবার (৩০ মে) স্ত্রী-সন্তানকে নিয়ে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। পরদিন রোববার (৩১ মে) বিকেল প্রায় ৫টার দিকে শিশু জিহাদ নানাবাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সন্ধ্যার দিকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে জিহাদের বাবা পরদিন ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ঘটনায় গত কয়েক দিন ধরে পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিলেন। বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে শিশু জিহাদ নিখোঁজ হওয়ার স্থানের পাশের একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ডোবায় খোঁজাখুঁজি করে ঘটনার চার দিন পর নিখোঁজ শিশু জিহাদের মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিউল আযম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।