প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৩৬ পিএম (ভিজিট : ৭৭)

X
ফাইল ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) সকালে জানা যায়, উপজেলার আগরপাট্টা গ্রামের খোকন মিয়ার ছেলে সজীব (২০) এবং চরটেকী গ্রামের লালু মিয়ার ছেলে রিয়াদ (২৯) সজীবের বড় ভাই রাজীবের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের সরঞ্জাম আনতে মোটরসাইকেলে করে পাকুন্দিয়ার দিকে যাচ্ছিলেন। পথে কোষাকান্দা এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তারা দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সজীব মারা যান।
অন্যদিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের চর তেরটেকিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মেহেদী হাসান রাসেল (২৩) বাড়ির পাশের জমিতে কাজ শেষে বিশ্রাম নিতে একটি মুদির দোকানের টিনের বেড়ায় হেলান দিয়ে বসেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।