প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১২:৫৪ পিএম (ভিজিট : ৩৮)

X
ছবি: প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বিভিন্ন দেশের পতাকা টাঙ্গানোর এক বিশাল উন্মাদনায় পরিণত হয়েছে।
এলাকার অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাস্তা সংলগ্ন ব্রীজের দুপার্শ্বে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানী ও পর্তুগাল সহ বিশ্বকাপ ফুটবলে অংশ নেয়া বিভিন্ন দেশের পতাকা টাঙ্গিয়েছেন।
তবে তরুণ ও কিশোরদের মাঝে এ বিশ্বকাপ ফুটবল খেলা এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি করেছে। ফুটবলের এই বৈশ্বিক আসরকে কেন্দ্র করে স্থানীয় বাজারগুলোতে বিভিন্ন দেশের পতাকা তৈরি ও বিক্রির ধুম পড়েছে। ছোট-বড় বিভিন্ন আকারের পতাকা টাঙ্গানো সহ জার্সিও গায়ে দিয়ে ঘুরতে দেখা গেছে অনেককে।
সরেজমিনে গত ৪মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার তালোড়ায় তালোড়া-দেওগ্রাম সড়কে নাগর নদের ব্রীজ এলাকায় গিয়ে দেখা যায়, ব্রীজের দুপাশ দিয়ে বিভিন্ন দেশের পতাকা টাঙ্গিয়ে রেখেছে ফুটবল প্রেমীরা। ব্রীজের এক প্রান্ত হতে অন্য প্রাপ্ত পর্যন্ত দেখে মনে হয় এখানে নানান দেশের পতাকার মেলা বসেছে।
কথা হয় কয়েকজন ফুটবল প্রেমী দর্শকের সঙ্গে। তারা জানান, তাদের মধ্যে কেউ আর্জেন্টিনা, কেউ বা ব্রাজিল, কেউবা আবার অন্য দেশের সমর্থক রয়েছে। আর্জেন্টিনার সমর্থক বলেন, তার পছন্দের দেশের খেলোয়াড় অত্যন্ত দক্ষ ও কৌশলী। অপরদিকে ব্রাজিলের এক সমর্থক বলেন, তার পছন্দের দেশের খেলোয়াড়রা অন্য দেশের তুলনায় অনেক দক্ষ। তবে তারা সকলেই তাদের পছন্দের দেশের পক্ষে ফাইনালে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
তালোড়া পৌর এলাকার দক্ষিণ সাবলা মহল্লার কুতুবুল আলম ও বাঁশোপাতা মহল্লার সাইফুল ইসলাম বলেন, তাদের প্রিয় দল আর্জেন্টিনা। তাই তারাও পছন্দের দেশের পতাকা টাঙ্গিয়েছেন। সেই সাথে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জাতীয় পতাকার মান যেন সমুন্নত থাকে সেব্যাপারে তারা সকলে সজাগ রয়েছেন।