প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:০৯ পিএম (ভিজিট : ৫১)

X
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সবার আগে দেশ, সকলের চেষ্টায় ডেঙ্গু করব শেষ” এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে আজ (৬ জুন) শনিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালিসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনোহরদী পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যৌথ উদ্যোগে আয়োজিত র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
র্যালিটি মনোহরদী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে লিফলেটের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করেন।
আয়োজকরা জানান, ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
র্যালি শেষে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.রাশেদুল হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সজিব মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃহারুন রশীদ।
এ সময় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার কর্মকর্তা- কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র্যালি শেষে উপস্থিত সকলকে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।