ছবি: প্রতিনিধি
নীলফামারীর ডোমারে জমিজমা-সংক্রান্ত বিরোধ ও মামলাকে কেন্দ্র করে একটি পরিবারকে একঘরে করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, জোড়াবাড়ী ইউনিয়নের ছালামপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে একই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে আব্দুল খালেক, মৃত হবিবর রহমানের ছেলে খয়রুল ইসলাম, মৃত অলিয়ার রহমানের ছেলে ছুবান, মৃত জহির উদ্দিনের ছেলে মজিবর রহমান ও আশরাফ আলী, মৃত মোবারক আলীর ছেলে রফিকুল ইসলাম ও আমিনুর, মৃত আবুল হকের ছেলে বজলু এবং মোজার ছেলে মোক্তাহারের দীর্ঘদিন ধরে জমিজমা-সংক্রান্ত কয়েকটি মামলা আদালতে চলমান রয়েছে।
অভিযোগে বলা হয়, বর্তমানে উল্লেখিত ব্যক্তিরা মামলাগুলো আদালত থেকে তুলে নিতে আব্দুর রাজ্জাকের ওপর চাপ সৃষ্টি ও বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। এ কারণে তারা আব্দুর রাজ্জাকের পরিবারকে একঘরে করে রেখেছেন।
সম্প্রতি আব্দুর রাজ্জাক মসজিদে নামাজ পড়তে গেলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। একই সঙ্গে মসজিদে ঘোষণা দেওয়া হয় যে, আব্দুর রাজ্জাক মসজিদে আসতে পারবেন না এবং মসজিদের সামনে দিয়েও চলাফেরা করতে পারবেন না।
আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, প্রতিপক্ষের হুমকির কারণে তিনি ও তার পরিবার স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না। যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এ ঘটনায় আব্দুর রাজ্জাক গত ২৬ মে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে ডোমার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জোড়াবাড়ী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও অভিযুক্ত মজিবর রহমান বলেন, “রাজ্জাক আমাদের নামে মামলা করেছেন। মামলা তুলে না নেওয়ায় তাকে একঘরে করা হয়েছে।”