প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২:১৯ পিএম (ভিজিট : ২৭)

X
ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৬ জুন) দিবাগত রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ধনতোষ চাকমা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকার ডিসি পার্কসংলগ্ন বন্দরগামী সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আকস্মিক মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে তৎপরতা চালান বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে কার্তুজের খোসা ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। পরে অভিযান চালিয়ে সৈয়দ আশরাফ, সাইফুদ্দিন শিকদার পারভেজ ও আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেন, “ঘটনার পর দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”