প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২:২৫ পিএম (ভিজিট : ৩২)

X
ছবি: প্রতিনিধি
ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) ইন্টার্ন চিকিৎসকরা।
রোববার (৭ জুন) দুপুর ১২টা থেকে ছয় দফা দাবি আদায়ে এ কর্মবিরতি শুরু হয়। এর আগে টানা দুই দিন তারা একই দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের প্রতি সংহতি জানিয়ে কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) নিয়মিত শিক্ষার্থীরাও দুপুরের পর থেকে সব ধরনের ক্লাস বর্জন করেছেন।
ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা-সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১,০০০ টাকার মধ্যে নির্ধারণ, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনিদের ৯ম গ্রেডে অন্তর্ভুক্ত করা, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন-২০০৬ অনুযায়ী সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন।
আন্দোলনকারীরা জানান, ইন্টার্ন চিকিৎসকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
আন্দোলনরত এক ইন্টার্ন চিকিৎসক বলেন, “কর্তৃপক্ষ আমাদের প্রথম দাবির বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করলেও মূল সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।”
কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন ডা. হাসান জোবায়ের, ডা. রেন হায়াত খান, ডা. মিনহাজুল ইসলাম মিরাজ, ডা. আসিফ মোস্তফা এবং ডা. নাজমুল গাজী।
এর আগে শনিবার (৬ জুন) রাত দেড়টার দিকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের দপ্তর সম্পাদক মো. ইরফানুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।