প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:০২ পিএম (ভিজিট : ৪৬)

X
মজুরি বাড়ানোর দাবিতে দৌলতপুরে শ্রমিকদের বিক্ষোভ
মজুরি বাড়ানোর দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের শ্রমিকরা। রোববার দুপুর ১টার দিকে উপজেলার হোসেনাবাদ সেন্টারমোড় এলাকায় কুষ্টিয়া–প্রাগপুর সড়কে টায়ার জ্বালিয়ে তারা অবস্থান নেন। এতে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতি হাজার বিড়ি তৈরিতে তারা ৬১ টাকা মজুরি পাচ্ছেন। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই মজুরিতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। মজুরি বাড়িয়ে ৮১ টাকা করার দাবি জানালেও ফ্যাক্টরি কর্তৃপক্ষ তা মেনে নেয়নি।
শ্রমিক নেতা রফিকুল ইসলাম ও টিপু জানান, সকাল থেকে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধান আসেনি। বাধ্য হয়ে দাবি আদায়ে তারা কর্মবিরতি পালন করে সড়কে নামতে বাধ্য হয়েছেন।
এদিকে, অবরোধের কারণে দুপুরের তীব্র রোদে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অনেক যাত্রী ও পথচারীকে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়, এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মজুরি নিয়ে শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে বিরোধের জেরে এ সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।