প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৬:১২ পিএম (ভিজিট : ১০৪)

X
ফাইল ছবি
এবারের ঈদুল আজহা সিদ্ধিরগঞ্জবাসী নিরাপদে উদ্যাপন করেছেন। থানা এলাকায় বা পশুর হাটে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর সারা দেশের মতো নারায়ণগঞ্জেও অপরাধ প্রবণতা বেড়েছিল। ‘ক্রাইম জোন’ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায়ও এর প্রভাব পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন অপরাধীদের লাগাম টানতে হিমশিম খাচ্ছিল, ঠিক সে সময়ে সিদ্ধিরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দেন মোহাম্মদ এমদাদুল হক। তাঁর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বৃদ্ধির পাশাপাশি অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওসি এমদাদুল হক বলেন, "পুলিশের টহল বৃদ্ধি এবং কঠোর আইনি ব্যবস্থার কারণে অপরাধীরা এবার মাথাচাড়া দিতে পারেনি। আমরা নিয়মিত অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনছি।"
তিনি আরও বলেন, "যতদিন এই থানায় আছি, সিদ্ধিরগঞ্জবাসীকে আইনি সেবা প্রদান করে যাব। কাউকে ছাড় দেওয়া হবে না; যে অপরাধ করবে তাকেই আইনের আওতায় আনা হবে।" এ সময় অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জ পুলিশ সুপারের প্রশংসা করে ওসি বলেন, "এসপি স্যারের দিকনির্দেশনায় আমরা অপরাধীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। স্যারের নেতৃত্বে নারায়ণগঞ্জ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করব, ইনশাআল্লাহ।"
এদিকে, পুলিশের তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁরা জানান, পাড়া-মহল্লায় পুলিশের নিয়মিত টহলের কারণে এবার ঈদে যাঁরা পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন, তাঁদের বাসা-বাড়ি ও দোকানপাটেও কোনো চুরির ঘটনা ঘটেনি। নিরাপদ পরিবেশ নিশ্চিত করায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হককে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।