প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৮:০৪ পিএম (ভিজিট : ৭৫)

X
সংগৃহীত ছবি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমুদয়কাঠী ও জলাবাড়ী ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন, ভিডিও প্রদর্শনী এবং সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৭ জুন সকাল ১১টায় সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদ এবং বিকেল ৩টায় জলাবাড়ী ইউনিয়ন পরিষদে পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে দিনব্যাপী মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের গুরুত্ব, বিচার প্রক্রিয়া এবং স্বল্প সময় ও স্বল্প ব্যয়ে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সমুদয়কাঠী ও জলাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার সভাপতিত্বে এবং গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারীর সঞ্চালনায় আয়োজিত সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে জেলা আদালত বা থানায় না গিয়ে গ্রাম আদালতের মাধ্যমে আইনি সেবা গ্রহণ করলে সময়, অর্থ ও ভোগান্তি—সবই কমে আসে। তাই এ সেবা সম্পর্কে জনগণের সচেতনতা বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে প্রদর্শিত ভিডিওচিত্রের মাধ্যমে উপস্থিত জনসাধারণ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। কর্মসূচির শেষ পর্বে ভিডিওভিত্তিক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, গ্রাম আদালত বিষয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি জোরদার করতেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।