লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার আরেকটি স্বপ্ন পূরণ হলো। নবপ্রতিষ্ঠিত লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট গণিতবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত ৭ জুন জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদকে চার বছরের জন্য লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার পর তিনিই প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
বর্ণাঢ্য শিক্ষাজীবন ও গবেষণা কর্মকাণ্ড
অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণিত ও ভৌত বিজ্ঞানী প্রফেসর ড. জামাল নজরুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তাঁর দেশি-বিদেশি আন্তর্জাতিক জার্নালে ৩০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক মানের একটি গবেষণা গ্রন্থও প্রকাশিত হয়েছে। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।
শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতা
ড. মুরাদ ২০০০ সাল থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ পূর্ণকালীন শিক্ষকতা শুরু করেন। পাশাপাশি দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের গ্রেড-১ অধ্যাপক। তিনি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বহিঃস্থ পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং নোবিপ্রবির রিসার্চ সেলের আওতায় ১০টিরও বেশি গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সাল থেকে তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
নোবিপ্রবির প্রতিষ্ঠাতা শিক্ষক
ড. মোহাম্মদ হানিফ মুরাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিষ্ঠাতা শিক্ষক এবং প্রতিষ্ঠাতা রিজেন্ট বোর্ড সদস্য। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি প্রক্টর, প্রভোস্ট, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের ডিন এবং সর্বশেষ ট্রেজারারসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।
ব্যক্তিগত পরিচয়
১৯৮৮ সালে তিনি নোয়াখালীর ঐতিহ্যবাহী ব্রাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৯০ সালে নোয়াখালী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগে এইচএসসি উত্তীর্ণ হন।
ড. হানিফ মুরাদ নোয়াখালী জেলার সুধারাম উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম আবদুল মন্নান ও মরহুমা শামছুন নাহার বেগমের তৃতীয় পুত্র।
আনন্দিত লক্ষ্মীপুরবাসী
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগের খবরে জেলার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সচেতন মহলের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের আশা, অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদের দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দ্রুত দেশের অন্যতম আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে এবং লক্ষ্মীপুরসহ বৃহত্তর অঞ্চলের শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।